<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Sep 12, 2010

প্রজাতন্ত্রের কল্যাণে আত্মোৎসর্গকারী হজরত ওসমান গনি (রা.)

মোহাম্মদ মাকছুদ উল্লাহ খোদায়ী বিধানের প্রতি গভীরভাবে অনুরক্ত, দানশীলতায় অগ্রগামী, লজ্জাশীলতায় সর্বকালীন দৃষ্টান্ত, ইসলামের তৃতীয় খলিফা হজরত 'ওসমান ইবনে আফফান' ৫৭৩ মতান্তরে ৫৭৬ খ্রিস্টাব্দে (ড. সৈয়দ মাহমুদুল হাসান) মক্কার ঐতিহ্যবাহী কোরাইশ বংশের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। আল ইসতিয়াবের বর্ণনানুসারে 'আমুল ফিল'-এর ছয় বছর পরে অর্থাৎ ৫৭৬ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম 'আফফান' ও মায়ের নাম আরওয়া বিনতে কোরাইশ। হজরত ওসমান (রা.)-এর বংশপরম্পরা পঞ্চম পুরুষ 'আবদে মানাফ'-এ গিয়ে রাসুলে করিম (সা.)-এর বংশধারায় মিলিত হন। তিনি ছিলেন মধ্যমাকৃতির অত্যন্ত সুদর্শন। ইবনে আসাকির আব্দুল্লাহ ইবনে হাজাম মাজেনি থেকে একটি বর্ণনা উদ্ধৃত করেছেন। তিনি বলেছেন, 'হজরত ওসমান অপেক্ষা সুদর্শন কোনো পুরুষ আমি দেখিনি।' হজরত ওসমান (রা.)-এর জীবনের প্রাথমিক অবস্থার ইতিহাস খুব সামান্যই সংরক্ষিত আছে। তবে যতটুকু জানা গেছে, জাহিলিয়াতের যুগে জন্ম হলেও জাহিলিয়াতের বীভৎসতা তাঁর চরিত্রকে কলুষিত করতে পারেনি। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন হানিফ ঘরানার লোক। যাঁরা নিজের বিবেকের নির্দেশনায় খারাপ কাজ থেকে বিরত থেকেছেন। তিনি ছিলেন আরবের মুষ্টিমেয় শিক্ষিত লোকের একজন। তিনি ছিলেন কোরাইশ বংশের অন্যতম কুস্তিবিদ্যা বিশারদ। কোরাইশদের প্রাচীন ইতিহাস বিষয়েও তিনি ছিলেন গভীর জ্ঞানের অধিকারী। বংশীয় আভিজাত্যের ধারায় যৌবনে তিনি ব্যবসায় নিয়োজিত হন। সর্বোচ্চ সততা ও বিশ্বস্ততার দরুন অল্প সময়েই তিনি অসাধারণ সাফল্য অর্জন করেন। বিপুল ধন-ঐশ্বর্যের কারণে তিনি 'গনি' উপাধি লাভ করেন। মমতা, সহনশীলতা, আত্দমর্যাদাবোধ, দান ও লজ্জা ছিল তাঁর মহৎ চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য।
হজরত ওসমান (রা.) প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণকারীদের অন্যতম। হজরত আবু বকর সিদ্দিক (রা.)-এর উৎসাহে তিনি দ্বীনে ইসলাম গ্রহণ করেন যৌবনে, যখন তাঁর বয়স ত্রিশের কোটায়। তিনি নিজেই বলেছেন, 'আমি ইসলাম গ্রহণকারী চারজনের মধ্যে চতুর্থ।' হজরত আবু বকর, হজরত আলী ও জায়েদ বিন হারিসের পরে তিনি ইসলাম গ্রহণ করেন। কোরাইশ বংশের অত্যন্ত সম্মানিত ও বিত্তবান ব্যক্তি হওয়া সত্ত্বেও ইসলাম গ্রহণ করার কারণে তাঁকে কাফিরদের অমানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। তাঁর চাচা 'হাকাম ইবনে আবিল আস' তাঁকে রশি দিয়ে বেঁধে বেদম প্রহার করত আর বলত, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ (সা.)-এর ধর্ম ত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত তোকে ছাড়া হবে না।' সীমাহীন নির্যাতনের পরও তাঁর ইমান একটুও টলেনি। মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সর্বপ্রথম মুসলমানদের যে দলটি হাবশায় হিজরত করেছিল, হজরত ওসমান ও তাঁর স্ত্রী রুকাইয়াও সে দলের সদস্য ছিলেন। হাবশায় দুই বছর অবস্থানের পর তিনি মক্কায় ফিরে আসেন। অতঃপর রাসুলুল্লাহ (সা.)-এর মদিনা হিজরতের পর তিনি আবার মদিনায় হিজরত করেন। সে কারণে তাঁকে 'জুল হিজরাতাইন' বলা হয়।
সমাজের ভুখা-নাঙ্গা মানুষের প্রতি হজরত ওসমান (রা.) ছিলেন সর্বদা দরাজহস্ত। একবার মদিনায় বড় দুর্ভিক্ষ দেখা দেয়। এমন সময় খবর এল ওসমানের (রা.) ব্যবসার এক হাজার উট বোঝাই খাদ্যশস্য আমদানির পথে। মদিনার ব্যবসায়ীরা এসে ওসমান (রা.)-এর বাড়িতে ভিড় জমান। তিনি তাঁদের সংরক্ষণাগারে নিয়ে গেলেন, যেখানে সারি সারি খাদ্যশস্যভর্তি বস্তা সাজানো ছিল। তিনি তাঁদের জিজ্ঞেস করলেন, 'তোমরা আমাকে কী লাভ দেবে?' তাঁরা বললেন, ১০ টাকা ক্রয় মূল্যের ওপর দুই টাকা। তিনি বললেন, 'আমি আরো বেশি লাভ পেতে পারি।' তাঁরা দাম বাড়াতে বাড়াতে ১০ টাকায় পাঁচ টাকা দিতে সম্মত হলো। হজরত ওসমান (রা.) বললেন, 'আমি দশে দশ লাভ পেতে পারি।' অতঃপর তিনি ঘোষণা করলেন_'তোমরা সাক্ষী থাকো, আমি সব খাদ্যশস্য মদিনার অভাবি লোকদের সদকা করে দিলাম।' এভাবে সমাজের ক্ষুধা-দারিদ্র্য দূর করতে তিনি তাঁর বিপুল ঐশ্বর্য অকাতরে বিলিয়ে দিয়েছেন। ৬৩০ খ্রিস্টাব্দে হিরাক্লিয়াস মদিনার বিরুদ্ধে লক্ষাধিক সৈন্যের এক সুসজ্জিত বাহিনী প্রেরণ করলে রাসুলুল্লাহ (সা.) মুসলমানদের যুদ্ধ প্রস্তুতির জন্য যুদ্ধ তহবিলে সামর্থ্যানুযায়ী সবাইকে দান করতে বলেন। হজরত ওসমান (রা.) সে সময় এক হাজার স্বর্ণমুদ্রা, এক হাজার উট ও ৭০টি ঘোড়া সরবরাহ করেন। রাসুল (সা.)-এর পরিবারের জন্যও তাঁর সম্পদ ছিল উন্মুক্ত। ঘৃণ্য দাসপ্রথা উচ্ছেদে তাঁর ভূমিকা ছিল সর্বাধিক। তিনি প্রতি জুমাবার একটি করে গোলাম অথবা বন্দি মুক্ত করে দিতেন। কারণবশত কোনো শুক্রবার না পারলে পরবর্তী শুক্রবারে দুটি দাস মুক্ত করে দিতেন।
আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর সঙ্গে হজরত ওসমান (রা.)-এর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মানবতার কল্যাণে জীবন ও সম্পদ উৎসর্গকারী এ সাহাবি সম্পর্কে রাসুলে খোদা (সা.) বলেছেন, 'উসমান হলো তাঁদেরই একজন, যাঁরা আল্লাহ ও রাসুলকে বন্ধু ভাবেন এবং আল্লাহ ও রাসুল তাঁদের বন্ধু ভাবেন।' রাসুলুল্লাহ (সা.) প্রথম নিজের মেয়ে হজরত খাদিজার (রা.) গর্ভজাত সন্তান রুকাইয়াকে ওসমান (রা.)-এর সঙ্গে বিবাহ দেন। হজরত রুকাইয়ার ইন্তেকাল হলে তাঁর সহোদরা উম্মে কুলসুমকে হজরত ওসমান (রা.)-এর সঙ্গে বিয়ে দেওয়া হয়। রাসুল (সা.)-এর দুই মেয়েকে বিয়ের কারণে তাঁকে 'জিননুরাইন' বলা হয়। উম্মে কুলসুমের ইন্তেকালের পর রাসুল (সা.) বলেন, 'আমার যদি আরো একটি মেয়ে থাকত, তাহলে তাকেও আমি ওসমানের সঙ্গে বিয়ে দিতাম।' তিনি রাসুল (সা.)-এর নির্দেশে পীড়িত স্ত্রী রুকাইয়ার সেবায় মদিনায় অবস্থানের কারণে একমাত্র বদর ছাড়া সব যুদ্ধেই রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে অংশ নেন। হুদাইবিয়ার ঘটনাকালে তিনি রাসুল (সা.)-এর দূত হিসেবে মক্কায় গেলে কুরাইশরা তাঁকে তিন দিন আটকে রাখে। এদিকে মুসলিম শিবিরে গুজব ছড়িয়ে পড়ে, ওসমান (রা.) শহীদ হয়েছেন। রাসুল (সা.) ঘোষণা করলেন, 'ওসমানের রক্তের বদলা না নিয়ে আমরা ফিরে যাব না।' সাহাবায়ে কেরাম রাসুল (সা.)-এর হাতে হাত রেখে শপথ গ্রহণ করেন। রাসুল (সা.) ওসমানের পক্ষ থেকে নিজের ডান হাতটি বাঁ হাতের ওপর রেখে শপথ করেন। ইতিহাসে এটি 'বাইয়াতু রিদওয়ান' বা 'বাইয়াতুশ শাজারা' নামে খ্যাত। রাসুলুল্লাহ (সা.) তাঁকে একাধিকবার জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। রাসুলে করিম (সা.) বলেছেন, 'প্রত্যেক নবীরই বন্ধু থাকে, জান্নাতে আমার বন্ধু হবে ওসমান।' তিনি ছিলেন রাসুল (সা.)-এর কাতেবে ওহি দলের অন্যতম।
হজরত ওমর (রা.) যখন ছুরিকাহত হয়ে মৃত্যুশয্যায়, তখন তাঁর কাছে পরবর্তী খলিফা মনোনয়নের দাবি উত্থাপিত হলে তিনি বলেন, তোমাদের সামনে এমন একটি দল রয়েছে, যাদের সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তাঁরা জান্নাতের অধিবাসী। তাঁরা হলেন হজরত আলী, ওসমান, আব্দুর রহমান, সাদ, জুবাইর ও তালহা। তাঁদের যেকোনো একজনকে খলিফা নির্বাচিত করতে হবে। হজরত ওমর (রা.)-এর মৃত্যুকালীন উপরিউক্ত উক্তি থেকে এ কথাই প্রমাণিত হয়, আদর্শের মানদণ্ডে উন্নীত রাসুল (সা.)-এর জবানে জান্নাতের বাশারাতপ্রাপ্ত ব্যক্তিরাই খিলাফতের যোগ্যতম উত্তরাধিকারী। অর্থাৎ উপরিউক্ত ব্যক্তিদের আয়ুষ্কাল পর্যন্তই 'খিলাফত আলা মিনহাজিন নবুয়্যাহ' সীমাবদ্ধ। হজরত ওমর (রা,) উলি্লখিত ছয়জনকে নিয়ে একটি বোর্ড গঠন করে তিন দিনের সময় বেঁধে দিয়ে বললেন, 'আমার মৃত্যুর পর তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের যেকোনো একজনকে ঐকমত্যের ভিত্তিতে খলিফা মনোনীত করবেন।' হজরত ওমর (সা.)-এর ইন্তেকাল হলো। বোর্ড সদস্যরা রুদ্ধদ্বার বৈঠকে বসলেন, তুমুল তর্ক-বিতর্ক, বাগ্বিতণ্ডা চলল। সময় গড়িয়ে দুই দিন পেরিয়ে গেল। মসজিদে নববি লোকে লোকারণ্য। শেষদিনে আব্দুর রহমান ইবনে আওফ (রা.) বললেন, 'আমি আমার খিলাফতের দাবি ত্যাগ করছি। এবার তোমরা তোমাদের মধ্যে যোগ্যতম ব্যক্তি নির্বাচনের দায়িত্ব আমাকে অর্পণ করতে পারো।' সবাই খলিফা নির্বাচনের ক্ষমতা আব্দুর রহমানকে অর্পণ করলেন। তিনি সম্ভ্রান্ত সবার সঙ্গে পরামর্শ করলেন। অতঃপর ওমর (রা.) কর্তৃক বেঁধে দেওয়া সময়ের শেষ দিনে ফজরের নামাজের পর মসজিদে নববিতে সমবেত মদিনাবাসীর উদ্দেশে এক সংক্ষিপ্ত ভাষণের পর তিনি খুলফা হিসেবে হজরত ওসমান (রা.)-এর হাতে বাইয়াত গ্রহণ করেন, অতঃপর সবাই। এভাবে মানবতাবাদী, ক্ষুধা-দারিদ্র্যের বিরুদ্ধে সদাতৎপর, বিনয় ও ভদ্রতার অবতার হজরত ওসমান (রা.) খিলাফতের দায়িত্ব লাভ করেন।
বিপুল ধন-ঐশ্বর্যের মালিক হজরত ওসমান (রা.) মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হওয়ার পরও অনাড়ম্বর জীবনযাপন করতেন। হজরত হাসান (রা.) থেকে বর্ণিত_তিনি বলেন, হজরত ওসমান (রা.) মসজিদে নববিতে মাথার নিচে চাদর দিয়ে শুয়ে থাকতেন। মানুষ তাঁর পাশে এসে বসত। তিনি তাদের সঙ্গে কথা বলতেন। মনে হতো তিনি তাদেরই একজন। জুবাইর ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, 'হজরত ওসমান সারা বছর রোজা রাখতেন এবং সারা রাত নামাজ পড়তেন। রাতের প্রথমার্ধে একটু ঘুমাতেন।' হজরত ওসমান (রা.) তাঁর শাসনামলের প্রথমদিকে রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে প্রভূত সাফল্য অর্জন করেন। তাঁর জনহিতকর কার্যাবলি সমাজের আদল পরিবর্তন করে দিয়েছিল। তিনি মদিনা শহর রক্ষাবাঁধ 'মাহরু' নির্মাণ করেন। খাল খনন করে কৃষিতে প্রভূত উন্নতি সাধন করেন। পয়ঃপ্রণালী ও রাস্তাঘাট নির্মাণ করে জনগণের অত্যন্ত প্রিয় খলিফায় পরিণত হন। মসজিদে নববির আধুনিকায়ন করেন তিনি। তাঁর সময় অর্থনৈতিক সচ্ছলতা মদিনার ঘরে ঘরে পেঁৗছে গিয়েছিল। আগে জনগণকে প্রয়োজনীয় সহায়তার জন্য খলিফার শরণাপন্ন হতে হতো। আর হজরত ওসমান (রা.)-এর সময় বাইতুল মালের সম্পদ খরচের জন্য রীতিমতো এলান করে গ্রাহক খোঁজা হতো। হজরত হাসান (রা.) বলেছেন, ওসমান (রা.)-এর ঘোষক ঘোষণা করত, হে লোক সব, সবাই এসে তোমাদের ভাতা নিয়ে যাও। লোকেরা দলে দলে এসে প্রচুর সম্পদ নিয়ে যেত। মানুষ দামি দামি পোশাক পরত। হজরত ওমর (রা.) ইসলামী খিলাফতের সম্প্রসারণে যে অভিযান শুরু করেছিলেন, হজরত ওসমান (রা.)-এর সুযোগ্য নেতৃত্বে তা এগিয়ে যেতে থাকে। তাঁর সময় ইসলামী খিলাফত-পূর্বে কাবুল ও বেলুচিস্তান এবং পশ্চিমে ত্রিপলী পর্যন্ত সম্প্রসারিত হয়। তাঁর সময়ই প্রথম নৌবাহিনী গঠিত হয়। নৌ-অভিযানে সাইপ্রাস ও রোডস দ্বীপপুঞ্জ মুসলমানদের অধিকারে আসে। তাঁর সময়ই বাইজান্টাইন ও পারস্য শক্তির ঔদ্ধত্য সম্পূর্ণভাবে নির্মূল করা হয়। হজরত ওসমান (রা.) বিশ্ব মুসলিমের জন্য সব থেকে বড় যে অবদানটি রেখে গেছেন, তা হলো পবিত্র কোরআন সংকলন। তিনি বিভিন্ন অঞ্চলে কোরআন পাঠে ভিন্নতা লক্ষ করে একটি নির্ভুল সংস্করণ তৈরির উদ্যোগ নেন। একটি উপযুক্ত কমিটির তত্ত্বাবধানে হজরত হাফসার (রা.) কাছে সংরক্ষিত কোরআনের কপিকে মূল ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে তা সম্পন্ন করে এর কপি মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয় এবং মানুষের কাছে থাকা কোরআনের বিচ্ছিন্ন অংশগুলো সংগ্রহ করে তা জ্বালিয়ে দেওয়া হয়।
হজরত ওসমান (রা.) খিলাফতের মসনদে আসীন হয়েই বড় ধরনের এক সমস্যার সম্মুখীন হন। 'উবায়দুল্লাহ ইবনে উমার' হজরত ফারুকে আজমের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজন নাসারা ও মুনাফিক প্রকৃতির মুসলমানকে হত্যা করেন। বিষয়টি খলিফার সামনে বড় ধরনের বিশৃঙ্খলার পূর্বাভাস হিসেবে আবির্ভূত হলো। হজরত ওসমান (রা.) নিজের সম্পদ থেকে নিহতদের ওয়ারিশদের রক্তপণ দেওয়ার মাধ্যমে বিষয়টি সুরাহা করলেন। ফলে মুসলমানদের ভেতরের সব বিভেদের অবসান হয়। হজরত ওসমান (রা.) অত্যন্ত জনপ্রিয় খলিফা হিসেবে দায়িত্ব পালন করে যেতে লাগলেন। কিন্তু খলিফার সরলতা, সহিষ্ণুতা ও উদারতার সুযোগে স্বার্থান্বেষী চক্র হজরত ওসমান (রা.)-এর বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে ওঠে। বনি হাশিম ও বনি উমাইয়ার বিরোধ, কোরাইশ-অকুরাইশ দ্বন্দ্ব, মুহাজির-আনসার সম্প্রীতি বিনষ্ট, ইবনে সাবরে অপপ্রচার, অমুসলিমদের বিদ্বেষ ইত্যাদি কারণে মুসলিম সাম্রাজ্যে এক চরম সংঘাতময় অবস্থার সৃষ্টি হলো। খিলাফতের অষ্টম বছরে এসে হজরত ওসমান (রা.) স্বজনপ্রীতি, কোরআন দগ্ধীকরণ, চারণভূমির রক্ষণাবেক্ষণ, আবুজর গিফারির নির্বাসন, বাইতুল মালের অর্থ অপচয় ইত্যাদি অভিযোগে অভিযুক্ত হয়ে বিরুদ্ধবাদীদের চরম বিরোধিতা ও বিদ্রোহের সম্মুখীন হন। হজরত আলী (রা.)-এর সমর্থকদের অপপ্রচার বিদ্রোহের আগুনে ইন্ধন হিসেবে কাজ করে। অথচ খলিফার বিরুদ্ধে আনীত সব অভিযোগই ছিল মিথ্যা, বিভ্রান্তিকর ও অবাস্তব। হাম্মাদ ইবনে সালামা বর্ণনা করেন, 'ওসমান (রা.) যেদিন খলিফা নির্বাচিত হন, সেদিন তিনি সর্বোত্তম ব্যক্তি ছিলেন। আর যখন তাঁকে লোকেরা হত্যা করল, তিনি সেদিন থেকেও উত্তম ছিলেন যেদিন তাঁকে খলিফা বানানো হয়েছিল।' রাসুলুল্লাহ (সা.) বলে গেছেন, 'আল্লাহ পাকের হিকমতানুসারে জিননুরাইনের ওপর মতানৈক্য দেখা দেবে এবং লোকেরা তাঁকে শহীদ করবে। অথচ তিনি তখন হকের ওপরই থাকবেন এবং তাঁর বিরোধীরা থাকবে বাতিলের ওপর।' শেষ পর্যন্ত মিসর, বসরা ও কুফার বিদ্রোহী গোষ্ঠী একাট্টা হয়ে ৬৫৬ খ্রিস্টাব্দে মদিনায় সমবেত হয়ে খলিফার পদত্যাগ দাবি করে। হজ উপলক্ষে অধিকাংশ মদিনাবাসী মক্কা গমন করায় তারা এ সময়কেই মোক্ষম সুযোগ হিসেবে গ্রহণ করে। খলিফা পদত্যাগে অস্বীকৃতি জানালে তারা হত্যার হুমকি দিয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখে। হজরত ওসমান (রা.) রক্তপাতের সম্পূর্ণ বিরোধী ছিলেন। বিশাল মুসলিম জাহানের খলিফা হিসেবে মুষ্টিমেয় বিদ্রোহীর কঠোর শাস্তিদানের পরিবর্তে তিনি তাদের দ্বারা অবরুদ্ধ হয়ে থাকলেন। হজরত আলী, তালহা ও জুবাইর (রা.)-এর ছেলেদের দ্বারা গঠিত ১৮ নিরাপত্তারক্ষী বিপথগামী বিদ্রোহীদের মোকাবিলায় ব্যর্থ হন। অবশেষে তারা ৬৫৬ খ্রিস্টাব্দের ১৭ জুন হিজরি ৩৫ সনের ১৮ জিলহজ্জ শুক্রবার আসরের নামাজের পর ৮২ বছর বয়স্ক বৃদ্ধ খলিফাকে অত্যন্ত বর্বরভাবে হত্যা করে। তিনি ১২ দিন কম ১২ বছর খিলাফতের দায়িত্ব পালন করেন। জুুবাইর ইবনে মুতইম (রা.) তাঁর জানাজায় ইমামতি করেন। জান্নাতুল বাকিতে তাঁকে দাফন করা হয়। হজরত ওসমান (রা.)-এর হত্যাকাণ্ডের ফলাফল ছিল সুদূরপ্রসারী ও ভয়াবহ। ওয়েল হাউসেন বলেন, 'ইহার ফলে গৃহযুদ্ধের যে কপাট খুলিয়া যায়, তাহা আর কখনো বন্ধ হয় নাই।'

লেখক : পেশ ইমাম ও খতিব, রাজশাহী কলেজ কেন্দ্রীয় মসজিদ
 

No comments: