<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Feb 5, 2011

নিষ্ফল পথে সম্পদ ব্যয়কারীরা দারুণ হতাশাগ্রস্ত হবে

অনুবাদ ২৬৫. যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নিজেদের মানসিক অবস্থা সুদৃঢ় রাখার জন্য নিজেদের ধনসম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ হচ্ছে_যেন তা কোনো উঁচু পাহাড়ের উপত্যকায় একটি ফসলের বাগান, যদি সেখানে প্রবল বৃষ্টিপাত হয় তবে ফসলের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পায়, আর প্রবল বৃষ্টিপাত না হলেও শিশিরবিন্দুগুলোই ফসলের জন্য যথেষ্ট হয়। আল্লাহ ভালো করেই পর্যবেক্ষণ করেন তোমরা কে কী করো।
২৬৬. তোমাদের কেউ কি চাইবে যে, তার একটি বাগান যাতে খেজুর ও আঙুরসহ সব ধরনের ফলমূল আছে। এর তলদেশ দিয়ে কতগুলো ঝরনাও বয়ে গেছে। আর এ অবস্থায় বাগানের মালিক বয়সের ভারে নুয়ে পড়ছে এবং তার কিছু দুর্বল সন্তান আছে, আর এমন সময় হঠাৎ এক আগুনের ঘূর্ণিঝড় এসে তার সব কিছু জ্বালিয়ে দিয়ে যাবে? এভাবেই আল্লাহ তাঁর নিদর্শনগুলো তোমাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তাভাবনা ও গবেষণা করতে পারো। [সুরা বাকারা, আয়াত : ২৬৫-২৬৬]
ব্যাখ্যা : এ আয়াত দুটির মাধ্যমেও ধনসম্পদের সঠিক ব্যয় বা মকবুল দান-খয়রাতের দিকনির্দেশনা বর্ণনা করা হয়েছে। ২৬৫ নম্বর আয়াতে এ ব্যাপারে একটি উদাহরণ দেওয়া হয়েছে। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নিজেদের আত্মার পরিশুদ্ধির জন্য আল্লাহর পথে সম্পদ ব্যয় করে বা দান করে তাদের উদাহরণ দেওয়া হয়েছে একটি বাগানের সঙ্গে। সেই বাগানের অবস্থান পাহাড়ের পাদদেশে। যদি প্রবল বৃষ্টি হয় তবে ফলন দ্বিগুণ বেড়ে যায়, আর যদি বৃষ্টি নাও হয় তবে শিশিরের পানিতে কিছু ফলন হয়। অনুরূপভাবে মহৎ দান যদি বেশি করা যায়, তবে তো পর্যাপ্ত সওয়াব পাওয়া যাবেই। কিন্তু যদি সামর্থ্য কম থাকে তবে সামান্য দান করলেও এর সওয়াব একেবারে কম নয়। কারণ আল্লাহ দেখছেন মানুষ কে কী করে এবং কার মনের ভেতরে কী আছে। এর আগে বর্ণিত বাতিল দানের কথা উল্লেখ করার পরিপ্রেক্ষিতে মহৎ দানকারীকে এ আশ্বাসের বাণী শোনানো হলো।
২৬৬ নম্বর আয়াতে নিষ্ফল দানের একটি হৃদয়গ্রাহী উদাহরণসহ নিষ্ফল দানকারীর করুণ পরিণতির কথা বর্ণনা করা হয়েছে। উদাহরণটি কিছুটা জটিল হলেও হৃদয়গ্রাহী। এর মাধ্যমে বিষয়টি গভীরভাবে উপলব্ধি করার সুযোগ আছে।
ধরা যাক, একজন লোক যৌনবকালে একটা সুন্দর বাগান তৈরি করল। বাগানে খেজুর ও আঙুরের ফলদার গাছ রয়েছে এবং বাগানের নিচ দিয়ে ঝরনা ধারা বয়ে গেছে। এ ছাড়া সেই বাগানে সব ধরনের ফলের গাছও রয়েছে। এরপর সেই ব্যক্তি বয়সের ভারে নুয়ে পড়েছে এবং তার সন্তানরা খুবই দুর্বল বা ছোট। এ অবস্থায় এক আগুনের ঘূর্ণিঝড় এসে তার সব কিছু জ্বালিয়ে দিয়ে গেল। অর্থাৎ তার সাজানো বাগান এবং স্বপ্ন সব কিছু তছনছ হয়ে গেল_এমন একটা অবস্থা কি কেউ কোনো দিন চাইবে? কখনোই না। মানুষ আশার আলো চায়, আর মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও দেখতে চায় সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। এই স্বপ্ন যদি তছনছ হয়ে যায় তবে তার হতাশা ছাড়া আর কিছু থাকে না। এ পৃথিবীতে যারা সম্পদের অপব্যবহার করবে, যারা মানুষকে ছোট করার জন্য, কষ্ট দেওয়ার জন্য বা লোক দেখানোর জন্য দান করে মিথ্যা আত্মতৃপ্তি লাভ করবে, তাদের পরিণতি হবে এ রকম।
গ্রন্থনা : মাওলানা হোসেন আলী

No comments: